নায়ক ফারুকের মৃত্যুর খবরটি গুজব, সিঙ্গাপুর থেকে জানালেন স্ত্রী

বিনোদন ডেস্ক- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

 

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এ অভিনেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

 

ফেসবুকে অনেকে পোস্ট দিয়েও এমন খবর প্রচার করতে থাকেন। অনেক দায়িত্বশীল মানুষের পোস্টে বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। ফারুককে নিয়ে এমন খবর যে ছড়িয়েছে সিঙ্গাপুরে থাকা তাঁর স্ত্রী ও ঢাকার বাসার সদস্যদের কাছে।

 

এমন খবর যাঁরাই ছড়িয়েছেন, তাঁদের নির্মম মানসিকতার মানুষ বলেছেন। অসুস্থ মানুষ সম্পর্কে এমন কথা ছড়ানো মোটেই উচিত নয় বলে জানিয়েছেন ফারহানা পাঠান। এটিকে স্রেফ গুজব বললেন তিনি।

 

এদিকে ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে কথা হয় তাঁর ছেলে রওশন হোসেন পাঠান শরতের সঙ্গে। ক্ষোভ নিয়ে তাঁর ছেলে বললেন, ‘আমার বাবার শারীরিক অবস্থা আমাদের পরিবার ছাড়া কাউকে জানানোর অধিকার দিইনি। আর আপনারা যাঁরা আব্বুর জানাশোনা, তাঁরাও আগ বাড়িয়ে কিছু বলবেন না। একটা পরিবারের প্রধান মানুষ যখন অসুস্থ থাকে, সেই পরিবার কী কঠিন সময় পার করে, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। তাই আমাদের ওপর বাড়তি কোনো মানসিক চাপ দেবেন না। আমাদের কাছ থেকে কিছু না শোনা পর্যন্ত গণমাধ্যমের বন্ধুরাও কিছুই লিখবেন না প্লিজ। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাই সব জানাব।’

 

ফারুক মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন তিনি। গতকাল তার ছেলে বলেন, ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন বাবা। চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন। আমর ডাকেও সাড়া দিয়েছেন।’

 

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *