মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস: এবার সীতাকুণ্ডে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় চট্রগ্রামের সীতাকুণ্ডে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

তারা হলেন- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন এবং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. আজিজুল হক আজিজ।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

জানা গেছে, সংসদে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের বিরোধিতা করে এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দেন। আর সেটি শেয়ার করেন ভাটিয়ারী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন।

 

অপরদিকে মামুনুল হকের ঘটনা নিয়ে তারপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক আজিজ। দুইজনের বিষয়টি দলের দৃষ্টিগোচর হলে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত প্রচার সম্পাদক মোঃ আজিজুল হক বলেন, আমি দীর্ঘদিনের মজিবাদর্শের একজন সৈনিক। ছোটকাল থেকেই আমি এ আদর্শ লালন করছি। আমার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে কে বা কারা আমার আইডি থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেয়। আইডি উদ্ধার হওয়ার পর আমি পোস্টটি ডিলেট করে দিই। দল থেকে অব্যাহতির বিষয়টি দুঃখজনক।

 

অপর বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার ব্যবহৃত মোবাইল সেটটি চুরি হয়ে যায়। যারা চুরি করেছে তারাই পোস্টটি শেয়ার করেছে। মোবাইল চুরির বিষয়টি আমি থানাকেও অবহিত করেছ।

 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন চৌধুরী তপু বলেন, কেউ যদি সংগঠন পরিপন্থী বা নীতি আদর্শ বহির্ভূত কিছু করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সীতাকুণ্ডের এ দু’জনের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে। তাদের অব্যাহতিও দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, সংগঠনের নীতি পরিপন্থী আচরণ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *