নজর২৪, ঢাকা- হেফাজতের সঙ্গে কেউ সংঘর্ষে জড়ালে তার গদি থাকবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী-মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি।
রোববার (০৪ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগরের পক্ষ থেকে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করে হেনস্তা করার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
সাখাওয়াত হোসেন রাজি বলেন, হেফাজতে ইসলাম জন মানুষের কথা বলে, মজলুম মানুষের কথা বলে। এটা কোন ব্যক্তি কেন্দ্রিক দল নয়, ১৮ কোটি মানুষের সংগঠন। এখানে সব দলের লোকেরা আছে। যখন থেকে হেফাজতে ইসলাম গঠিত হয়েছে সেদিন থেকেই দেখেছি সারাদেশের মানুষ এই সংগঠনের সঙ্গে রয়েছে। কারণ হেফাজত কখনো চায়না জোর করে গদি দখল করতে। টেন্ডারবাজি করতে।
তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে যেখানে মুসলিমদের উপর অত্যাচার হবে সেখানেই আমরা কথা বলবো। যেখানে ঈমান আক্রান্ত হবে সেখানে কথা বলবো। হেফাজত সবসময় ইসলামের পক্ষে কথা বলবে। হেফাজতের সঙ্গে যদি কেউ সংঘর্ষে লিপ্ত হয় তার গদি টিকবে না। তার গদি থাকবে না।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লাখ লোকের সমাবেশ করতে পারতাম। ইচ্ছা করলে আমরা সরকারের গদি নড়িয়ে দিতে পারি।’
অন্যের স্ত্রী বিয়ে করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন রাজি বলেন, তিনি অন্যের স্ত্রী নয়, মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। অন্যের তালাকপ্রাপ্ত স্ত্রী বিয়ে করেছেন, যা শরীয়ত সম্মত।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
সাখাওয়াত হোসেন রাজি বলেন, ‘মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন।’
সতী নারীকে অপবাদ দিয়ে একজন নারীর চরিত্র হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন, সেখানে ছাত্রলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে। তার নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব।’
