নজর২৪, ঢাকা- আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন এ দাবি জানান।
এই সময়ের মধ্যে মামুনুলসহ হরতাল ও ইসলামের নামে যারা জ্বালাও পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে তাদের গ্রেফতার করা না হলে ৫ এপ্রিল হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।
হরতালে মামুনুল হকের বাড়ি ঘেরাও করে তাকে ধরে এনে প্রশাসনের হাতে তুলে দেয়ার ঘোষণাও দিয়েছে দলটি। এছাড়া সংগঠনের এক নেতার দাবি, মামুনুল হক কোনো মাওলানা নয়, তিনি ’ফাসেক’ বা পাপিষ্ঠ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া উচিত’ বিষয়ক এক আলোচনার আয়োজন করে দলটি। সেখানে এর চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন এই দাবি জানান।
মামুনুল হকসহ সহিংসতার নির্দেশদাতা হেফাজত নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকারের প্রতি জোর দাবি থাকবে, ইসলামের নামে যারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের আগামী চারদিনের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আমরা আগামী ৫ তারিখে সকাল সন্ধ্যা হরতাল দেব।’
এই হরতাল কঠোরভাবে পালন করা হবে জানিয়ে মাওলানা ইসমাইল বলেন, ‘রিকশা-সাইকেল কোনো কিছুই চলতে দেব না। সেই সঙ্গে মামুনুল হকের বাড়ি ঘেরাও করা হবে। তিনি লালবাগে থাকুন বা যেখানেই থাকুন, তার বাড়ি ঘেরাও করে তাকে ছিনিয়ে এনে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। যত রক্তের বিনিময় হোক তাকে আমরা ছিনিয়ে আনব।’
অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ হাজী হাবিব উল্লাহ বলেন, ‘একাত্তর সালে পাকিস্তানিরা যেভাবে তাণ্ডব চালিয়েছে হেফাজত ইসলাম ২০২১ সালে এসেও সেভাবেই তাণ্ডব চালিয়েছে। মামুনুল হক নামের যে ব্যক্তিটি, তিনি মাওলানা নয়। মামুনুল হককে আমি ফাসেক বলে দাবি করছি। তাকে আইনের আওয়াতায় আনার দাবি জানাচ্ছি।’





