হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি হেফাজতের

নজর২৪, ঢাকা- বিক্ষোভ মিছিলে হামলা ও সংঘর্ষে নেতাকর্মী নিহতের ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে বাধা দেওয়া হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলটি।

 

শনিবার (২৭ মার্চ) সন্ধায় রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।

 

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, সারা বিশ্বের অনেক দেশের সরকার প্রধান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশে এসেছেন। আমরা কারো আগমনে কোন কথা বলিনি। কিন্তু নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের জন্য আমরা সর্বদা আহ্বান জানিয়েছি।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে সারাদেশ ব্যাপী আন্দোলন চলছে। গতকাল আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে কর্মসূচিতে সারাদেশে বিশেষ করে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং বায়তুল মোকাররমে যে ঘটনা ঘটানো হয়েছে। আমাদের ৫ জন ভাইকে হত্যা করা হয়েছে।

 

তিনি বলেন, সারাদেশে হামলার প্রতিবাদে আগামীকাল (রোববার) দেশব্যাপি হরতাল হবে। আমাদের এই হরতাল অন্যকোন উদ্দেশ্যে নয়। আমাদের এই তাজা প্রাণগুলো কেন গেল? তাদের উপর কেন বুলেট চালিয়ে হত্যা করা হলো। বায়তুল মোকাররমে অমানুষিক ঘটনা ঘটানো হয়েছে। সেখানে সরকারের কিছু গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। আমাদের আন্দোলনতো সরকারের বিরুদ্ধে না। তাহলে সরকার কেন বাধা দিচ্ছে। আমি দেশবাসীকে আগামীকালের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহবান জানাচ্ছি।

 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘আগামীকাল সরকারি দলের (আওয়ামী লীগ) কোনো কর্মসূচি নেই। কাজেই আমাদের হরতালের দিন সরকারি দলের কাউকে রাজপথে দেখতে চাই না। কোনো হেলমেট বাহিনীকেও দেখতে চাই না।’

 

মামুনুল হক বলেন, ‘শুক্রবারের (২৬ মার্চ) মতো আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো উত্তেজনা সৃষ্টি হয় এর দায়ভার সরকারকে নিতে হবে। এমন কোনো কিছু ঘটলে আগামীতে লাগাতার কঠোর কর্মসূচি দেবে হেফাজত। এ জন্য সরকারকে অনুরোধ করব, এমন কোনো কিছু করবেন না যাতে ক্ষুব্ধ জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়।’

 

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলন নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে। অথচ সরকার এই আন্দোলনকে প্রভাবিত করে আমাদেরকে তাদের প্রতিপক্ষ বানিয়েছে। এর প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই।’

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মামুনুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। আমাদেরকে সহযোগিতা করুন। কোনো সন্ত্রাসী, হেলমেট বাহিনীকে প্রশ্রয় দেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *