নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ। সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীরা।
শনিবার পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। বলেন, হেফাজতের ডাকা হরতালে তাদের নৈতিক সমর্থন রয়েছে তাদের।
এ সময় দাবি করা হয়, তাদের সংগঠনের তিনজনকে গতকাল সাদা পোশাকদারি কিছু লোক তুলে নিয়ে গেছে। আজও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
এর আগে হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম এ ঘোষণা দেন।
অন্যদিকে হেফাজতে ইসলামের ডাকা আগামীকাল রোববারের সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ যে হরতাল ডাকা হয়েছে তাদের বাধা দেবেন না, এটা আহ্বান করা আমাদের মৌলিক অধিকার। আমি মনে করি, আমাদের সবারই উচিত সেই হরতালকে সমর্থন করা।’
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। জলকামানও ব্যবহার করা হয়।
এরপরে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশি কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের খবর ছড়িয়ে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। সেখানে গুলিতে আহত হয়ে একজন মারা যান।
এসব ঘটনার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী এই সংগঠনটি।
