মামুনুল ও বাবুনগরীকে মাঠে নামার ডাক দিলেন রফিকুল মাদানী

নজর২৪, ঢাকা- রাজধানীর মতিঝিলে মোদি বিরোধী বিক্ষোভ মিছিলে আটক হওয়া শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি ছাড়া পান।

 

মুক্তির বিষয়টি আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তির ফেসবুক লাইভ থেকে মাদানি নিজেই গাড়িতে বসে জানান। তখন তিনি গাজীপুরে তার মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন। তার মাদ্রাসায় বৃহস্পিবার রাতে বাৎসরিক মাহফিল হওয়ার কথা রয়েছে।

 

রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন আলোচিত এই বক্তা। সেখানে তিনি হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হককে মাঠে নামার ডাক দেন।

 

তিনি লিখেন, আমার মুক্তির আত্মতৃপ্তিতে মূল বিষয় কেউ ভুলে যাবেন না, আমি আল্লামা বাবুনগরী আল্লামা মামুনুল হক্ব মুফতি ফয়জুল করীম (দা. বা.) কে বলব আপনারা ডাক দিন প্রয়োজনে এ দেশের জনগণ আপনাদের ডাকে এয়ারপোর্ট ঘেরাও করবে, তবুও মোদি আসতে পারবে না, কথা দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের ডাকে আমি অধম শহীদ হওয়ার জন্যও প্রস্তুত আছি।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির ঢাকায় আসার এক দিন আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মতিঝিলে বিক্ষোভ হয় ভিপি নুরের নেতৃত্বে। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষও বাধে।

 

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুলসহ ৩৩ জনকে সেখান থেকে আটকের কথা দুপুরে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম।

 

তবে কয়েক ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে রফিকুলকে ছেড়ে দেওয়া হয়। যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা নুরুল বলেন, ‘সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছিল। তবে বিকেলে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক আছেন ৩২ জন।’

 

রফিকুল আটকের পর প্রিজন ভ্যানে বসে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন। অল্প সময়ের মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার মুক্তি চেয়ে বিবৃতিও দেয় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *