সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাপিলাপাড়া গ্রামে দূর্বৃত্তের দেওয়া আগুনে যুবলীগ নেতার বসতবাড়ির ১০টি ঘর পুরে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার পরিবারের। তবে কোন হতাহত হয়নি।
২২ মার্চ সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের বাসিন্দা ও ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়েদ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ প্রতিবেশীদের চিৎকার শুনে ঘর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করে জুবায়েদসহ তার পরিবার। তবে আগেই বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছিল দূর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ জুবায়েদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এইসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে পেট্টোল ঢেলে আগুন দিয়ে আমিসহ আমার পরিবারকে হত্যার চেষ্টা করে।
তিনি আরও বলেন, আগুনে আমার নগদ ৭ লাখ টাকাসহ আলু, পেঁয়াজ, আসবাবপত্র, টিনসহ সবকিছু পুড়ে গেছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে করে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
