কারও ক্ষমতা থাকলে মসজিদ-মাদরাসায় হাত দিয়ে দেখাক: শামীম ওসমান

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আল্লাহ সম্মান প্রদানকারী এবং আল্লাহই সম্মান কেড়ে নিতে পারেন। সেই আল্লাহর ঘরে যদি আঘাত আসে আর আমি চুপ করে বসে থাকি তাহলে মৃত্যুর পর আমাকে তার জবাব দিতে হবে।

 

শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ওলামা পরিষদ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমি একা আছি, কারও ক্ষমতা থাকলে মসজিদ ও মাদরাসায় হাত দিয়ে দেখাক বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

শামীম ওসমান বলেন, আমি চুপ করে থাকলে আমার মৃত্যুর পর আল্লাহ আমাকে ধরবেন যে ‘আমি তোকে বানাইসি তুই কী করসোস’।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমার বাসার সামনেই বাগে জান্নাত মসজিদটি। আমি ছোট বেলায় সেখানে খেলেছি। সেখানে একটি কবরস্থান ছিলো। যেখানে অনেক কামেল লোকের কবরও ছিল। সেখানে মসজিদ ও মাদরাসা হয়েছে। পর্চায় লেখা আছে, এখানে কবরস্থান ছিলো এবং এই জায়গা শুধু ইসলাম ধর্মের ধর্মীয় কাজে ব্যবহার হবে। তাই হয়েছে।

 

তবে নারায়ণগঞ্জে এক মহিলা আছেন, তিনি গিয়ে বললেন মসজিদ ও মাদরাসা ভাঙতে হবে। মসজিদটি ভেঙে পেছনে নেওয়া হবে আর মাদরাসা উঠিয়ে দেওয়া হবে। মাদরাসা উঠিয়ে সেখানে পার্ক করবেন, মসজিদের নিচে দোকান করবেন। ধর্মে আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ।

 

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লি ছিলো। আল্লাহ আমাকে দিয়ে সে পাপ মোচন করিয়েছেন। তখন থেকেই বিভিন্ন ইমাম আলেমদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তাই তাদের ওপর এত আঘাত। কেন? ওইখানে কী আত্মীয় স্বজন বেশি ছিল? আউয়াল সাহেবকে (হেফাজতে ইসলামের নায়েবে আমীর) ‘ট্রাপ’ করা হল। রেকর্ডেই তাকে কত কথা বলল আপনারা শুনেছেন।

 

সেখানে তিনি বললেন মাদরাসা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমিতো জানি মাদরাসায় আল্লাহর কোরআন শিক্ষা হয়। মাদরাসায় মানুষের সদকায়ে জরিয়া হয়। সেখানে কোন কথা নাই কোন রাশিয়ায় কী হয় তা নিয়ে তুলকালাম হয়ে গেল। নারায়ণগঞ্জের এতো আলেম গেল কই? ভেবেছিলাম কথাগুলো পরে বলবো। আজকে বললাম কারণ কালকে নাও থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *