ঢাকায় পাঠানো হলো দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা মিন্টুকে

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত কলেজশিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

তার ডান হাতের কব্জি পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম হাতের কব্জি কিছুটা আটকে আছে। এছাড়া দুই পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. শফিকুল ইসলাম।

 

মঙ্গলবার রাতে সন্ধ্যায় মিন্টুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

ডা. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তার রক্তক্ষরণ বন্ধ করাসহ সেলাই করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। একটু স্থিতিশীল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

এর আগে দুপুর৩ টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আতাউর রহমান মিন্টু।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর ৩টার দিকে আতাউর রহমান মিন্টু ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে।

 

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুুুর সড়ক ছেড়ে দেন বিক্ষুব্ধ লোকজন।

 

মিন্টুর সঙ্গে এক মোটরসাইকেলে থাকা আনিছুর জানান, চিহ্নিত সন্ত্রাসী হাতকাটা বাঁধন, রশিদ, রুবেল ও সোহেলসহ ছয়জন মিন্টুকে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

 

এতে তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন চিকিৎসক।

 

মিন্টুর পরিবাবের অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে সাবেক সংসদ সদস্য জাফর আলীর দ্বন্দ্বের জের ধরে মিন্টুর ওপর হামলা চালানো হয়।

 

তারা আরও জানান, মিন্টু জাফরের ভাগনে হওয়ায় এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা চালিয়ে সন্ত্রাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *