টেকনাফে রোহিঙ্গা শিবিরে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সালমান শাহ গ্রুপ ও পুতিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মো. জলিল (২২) নামে আরও একজন।

 

রোববার (১৪ মার্চ) ভোররাতে ও শনিবার দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত জুবায়ের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে এবং সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। আহত জলিল একই ব্লকের শাহ আহম্মদের ছেলে এবং পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছেন রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

 

তিনি জানান, শনিবার রাত ১১ টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পুতিয়া গ্রুপের লোকজন এসে সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে জুবায়েরকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। পরে আজ ভোররাত ৪ টার দিকে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের সদস্য মো. জলিলকে কুপিয়ে মারাত্মক জখম করে।

 

তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তারিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *