নজর২৪ ডেস্ক- দুর্নীতি দূর করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ কর্মকর্তার উইং চাওয়া ওএসডি অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনকে তিরস্কার করেছে সরকার। গত (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে গণমাধ্যমে সরকারের জন্য ‘অস্বস্তিকর’ বক্তব্য প্রকাশিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (আপিল ও শৃঙ্খলা) বিধিমালা ২০১৮ অনুযায়ী লঘুদণ্ড ‘তিরস্কার’ দেওয়া হয়েছে।
বিষয়টি জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহবুব কবীর মিলনকে লঘুদণ্ড দেওয়া হলেও নিয়ম অনুযায়ী পদায়ন হবেন এবং তাকে পোস্টিং করা হবে।
‘তিন মাসে দুর্নীতি দূর করতে ১০ কর্মকর্তার উইং চান অতিরিক্ত সচিব’- রেলপথ মন্ত্রণালয়ে থাকাকালে তাকে উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ হয় দেশের একটি অনলাইন গণমাধ্যমে।
এ বক্তব্যের জন্য গত বছরের ছয় আগস্ট তাকে ওএসডি করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলায় দণ্ড হিসেবে তাকে ‘তিরস্কার’ করে সরকার।
প্রশাসনের অতিরিক্ত সচিব মাহবুব কবীর। নানা কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন। এক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা ও বিভিন্ন কাজের জন্য আলোচিত হয়েছেন তিনি।
মাহবুব কবীর সবশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। রেল বিভাগের নানা অনিয়ম দুর্নীতি দূর করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন।
গত ৬ আগস্ট তাকে দায়িত্ব থেকে ওএসডি করে রেলপথ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলায় দণ্ড হিসেবে তাকে তিরস্কার করে সরকার। সম্প্রতি জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
