বাস থেকে নারীকে ছুড়ে ফেলা সেই চালক-হেলপার গ্রেফতার

নজর২৪ ডেস্ক- ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে বাসটি জব্দ করেছে র‍্যাব-১০ এর একটি দল।

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

তারা হলেন- বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)। এ ঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) বেলা ৩টায় র‍্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

গত ৭ মার্চ কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটে। এরপর ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভিডিও চিত্রে দেখা যায়, ওইদিন সকাল পৌনে ৯ টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ভিডিও চিত্রেই দেখা যায়, গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

 

স্থানীয়রা জানায়, বাকপ্রতিবন্ধী ওই নারী বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ টাইলসের ওপর লিখে জানিয়েছেন। সেখানে ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *