নজর২৪ ডেস্ক- প্রতিষ্ঠার পর অর্থাৎ গত ৪৩ বছরে এবারই প্রথম ৭ মার্চের ঐতিহাসিক দিবসটি পালন করল বিএনপি। জিয়াউর রহমানের শাসনামলে রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি কার্যত নিষিদ্ধ ছিল। আওয়ামী লীগ বারবার অভিযোগ করে আসছে, তারা ভাষণটি বাজাতে গিয়ে হামলার শিকার হয়েছে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার ৭ মার্চ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি।
সেখানে বিএনপির শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর এ ভাষণের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করলেও এটির উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ পাকিস্তানের শাসকগোষ্ঠীর সঙ্গে ‘দরকষাকষির জন্যই’ ভাষণ দিয়েছিলেন।
দলটির নেতারা আরও বলেন, ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা ছিল না। তখনকার ছাত্র সমাজ ৭ মার্চ স্বাধীনতার ঘোষণার জন্য যে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি সে ভাষণে।
৭ মার্চ নিয়ে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করছে বলেও অভিযোগ করেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ৭ মার্চ পালন করা উচিত, কি উচিত নয়– এটা নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশে বলতে চাই, ৫০ বছর আগে এই ঘটনাগুলো ঘটেছিল। আর ৫০ বছর পরে নতুন প্রজন্মের নতুন ইতিহাস জানার অধিকার রয়েছে।
‘আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সত্যকে এড়িয়ে সম্পূর্ণভাবে একটা দলীয় ধারণা এই জাতির ওপরে চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা সেই জায়গায় এ দেশের সবচেয়ে বড় দল হিসেবে মনে করি, এই সত্যি ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’
