রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শনিবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে চুরি হওয়া শিশু বাচ্চাটি ৪ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে শিশুটি উদ্ধার করা হয়।
এ সময় রানী বেগম (৩৫) ও তার পিতা আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই হাসিবুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের বড়গোলার আভিসিনা হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বাবা ও মেয়ে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সাড়ে ৬টার দিকে সদর থানা চত্ত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।
এর আগে শনিবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি এলাকা থেকে ২৩ দিনের শিশু চুরি হয়েছে। শিশুটি উপজেলার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান।
শিশুটির মা ফরিদা খাতুন জানান, শনিবার (৬ মার্চ) সকালে শিশুটি ঘুমালে আমি বাড়ীর বাইরে যাই। পরে রুমে এসে দেখি শিশুটি নেই। অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাইনি।
পরে স্থানীয়রা জানান, কালো বোরকা পরিহিত এক মহিলা শিশুটি কোলে নিয়ে কর্ণসূর্তি এলাকার দিকে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্মের ছয়ঘণ্টা ও মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় শিশুটির পিতা চয়ন ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পাঁচদিনের ব্যবধানে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানাধীন আলোকদিয়া এলাকার একটি বাড়ি থেকে জীবিত ও মৃত শিশু দুটিকে উদ্ধার করা হয় শিশু চুরি যাওয়ার ৩ পুরুষ ও ৫জন নারীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
