প্রথমবারের মতো টিভিতে সংবাদ পড়বেন হিজড়া সম্প্রদায়ের তাসনুভা

নজর২৪ ডেস্ক- দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেওয়া হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৈশাখী টেলিভিশন তাসনুভা আনান শিশির নামে এক হিজড়াকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে।

 

বৈশাখী টিভি কর্তৃপক্ষ বলছে, ‘স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম, যাদেরকে চিরাচরিতভাবে হিজড়া বললে আমাদের সমাজে সকলেই বোঝেন।’

 

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই অবহেলিত ট্রান্সজেন্ডার নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছেন। ভোটার তালিকায় তারা এখন নারী বা পুরুষ হিসেবে নয় সরাসরি হিজড়া পরিচয়েও নিজেদের নাম নিবন্ধন করার অধিকার পেয়েছেন। বিপুল সংখ্যক হিজড়াকে সরকার ভাতাও দিচ্ছে।’

 

বেসরকারি এই টেলিভিশন চ্যানেল জনসংযোগ কর্মকর্তা দুলাল খান বলেন, ‘স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার নারীকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ই মার্চ’আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন। এরমধ্য দিয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনে বৈশাখী টেলিভিশনের ঐতিহাসিক উদ্যোগের সহযাত্রী হবেন তিনি।’

 

তিনি আরও বলেন, ‘একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক “চাপাবাজ”-এর একটি পর্বে।’ আগামী ৮ই মার্চ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *