মাদ্রাসায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সুপারিশ

নজর২৪, ঢাকা- যেকোনো মাদরাসা প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করার কথা বলেছে সংসদীয় কমিটি। পাশাপাশি মাদরাসার প্রতিদিনের কাজ শুরু করার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার জন্যও কমিটি সুপারিশ করেছে।

 

বৃহস্পতিবার (৪ মার্চ) একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান’ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশগ্রহণ করেন।

 

কমিটি সূত্র জানায়, বৈঠকে মাদ্রাসার প্রাত্যাহিক কাজ শুরু করার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। এ সময় যে কোনো মাদরাসা প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন গ্রহণের বাধ্য-বাধকতার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উত্তরপত্র মাদ্রাসা শিক্ষক ব্যতিত অন্য ধারার শিক্ষকদের মাধ্যমে মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়।

 

বৈঠকে মাদ্রাসায় নকল প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি ও এডহক কমিটি গঠন প্রক্রিয়া এবং কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

 

এ ক্ষেত্রে গভর্নিং বডির সভাপতি মনোনয়নে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ গ্রহণের নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং এডহক কমিটি গঠনের প্রবণতা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *