নজর২৪, ঢাকা- চার দেয়ালের ভেতর বিএনপিকে রাজশাহী বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিএনপি মধ্য শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দিবে। এ জন্য মধ্য শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা তাদের ইনডোর সমাবেশ করার অনুমতি দিয়েছি।’
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কা’র কথা বলে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সোমবার বেলা ১১টা থেকে আকস্মিকভাবে বাস বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। বাস চলাচল বন্ধকে অযৌক্তিক বলছেন যাত্রীরা।
রাজশাহী পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।
রাজশাহীর বাস মালিকদের সংগঠন সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে তারা সড়কে বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এ কারণে তারা সোমবার বেলা ১১টা থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সমাবেশ পণ্ড করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। হঠাৎ রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও সমাবেশের আগমুহূর্তে এ রকম করা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এটি বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।’





