বগুড়ায় ট্রাক চাপায় যুবক নিহত

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সদর উপজেলায় ট্রাকের চাপায় রঞ্জন কর্মকার (৩২) নামে একজন নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রঞ্জন কর্মকার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশেকোলা কামারপাড়ার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন বাঘোপাড়া বাজারে একটি গ্যারেজে ট্রাক মেরামত কাজ চলছিল। দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকায় ওই গ্যারেজে কর্মরত রং মিস্ত্রি লিটন শখের বসে ট্রাক চালাতে যান।

 

এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের এক কামাশালায় ঢুকে কামার রঞ্জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রঞ্জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই রং মিস্ত্রি লিটন পালিয়েছেন। পরে স্থানীয় লোকজন রঞ্জনের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত রঞ্জনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *