শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা, পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে যুক্ত ছিলেন, মন্ত্রিপরিষদের সদস্যরা যুক্ত হন সচিবালয় থেকে।

 

পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে বলেছে মন্ত্রিসভা।’

 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৫-৬ দিনের মধ্যে আন্তমন্ত্রণালয় সভা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

সচিব বলেন, ‘আগে আমরা প্রিভিউ করব খুলব কি না, কখন খুলব, কুইকলি খোলা যায় কিনা। কী পদ্ধতিতে খুলব যাতে সেফটিও ঠিক থাকে, পড়ালেখাটাও হয়। কারণ, অনেক দিন হয়ে গেছে।’

 

সচিব আরও বলেন, ‘ইউরোপে ইংল্যান্ড ছাড়া সব দেশেই স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। তো সেসব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন, বসে চিন্তাভাবনা করেন যে আমরা খুলে দিতে পারি কিনা।’

 

সচিব বলেন, ‘দেখা যাচ্ছে গ্রামে-গঞ্জে ছেলেমেয়েরা খুব ফ্রিলি মুভ করছে। এসব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন শিক্ষক এবং কর্মচারীদের ভ্যাকসিনটা আগে নিশ্চিত করতে হবে।’

 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। তবে অনলাইনে পাঠদান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *