ওবায়দুল কাদেরের ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার!

নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জাকে সাংগঠনিক সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বসুরহাট পৌরসভার এই মেয়রকে চূড়ান্তভাবে বহিষ্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সন্ধ্যার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে এটি পাঠানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গত কয়েক সপ্তাহ ধরে আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতরভাবে আহত করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে মিথ্যা, অশালীন বক্তব্য ও আপত্তিকর উক্তি, বিভিন্ন সভা-সমাবেশে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সংগঠনবিরোধী অশোভনীয় মন্তব্য এবং নেতাকর্মীদের হুমকি প্রদান করার অভিযোগে তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

 

সংগঠন বিরোধী উল্লেখিত কারণ ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে আবদুল কাদের মির্জাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সমীপে সুপারিশ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ আবদুল কাদের মির্জার সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগের প্রমাণ পেয়ে তাকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে। একই সঙ্গে দলীয় সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *