আল-জাজিরা যা প্রকাশ করেছে-তা দেশের জনগণ বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

তিনি বলেন, একটি কুচক্রীমহল আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা যে সংবাদ প্রকাশ করেছে, দেশের মানুষ এগুলো বিশ্বাস করেনি। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন, এগুলো বাস্তবসম্মত নয়। এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতীপূজা মণ্ডপ পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

 

গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার ওই প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সাংবাদিকতার কর্ম নয়, এ ধরনের গোপনে গোপনে ফোনে কি বলল, তা প্রচার করে দেওয়া।

 

“আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল-জাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।”

 

কেন এই অপপ্রচার জানতে চাইলে তিনি বলেন, “আপনারা আগে থেকেই দেখেছেন আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।”

 

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস, অনেক কিছু তাকে (প্রধানমন্ত্রী) ফেইস করতে হয়েছে। এই জায়গাটিতেও নতুন আরেকটি ষড়যন্ত্র…মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই প্রচেষ্টা।”

 

এসময় তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান যথাযথভাবে কথা বলেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *