কক্সবাজারে মিনিবাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ৪

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় বিলকিস আক্তার (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। আহত হয়েছেন বাবা-মেয়েসহ ৪ জন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাহফুজুর রহমানের স্ত্রী।

 

এ ঘটনায় চালকের আসন থেকে অপ্রাপ্ত বয়স্ক মিনিবাসের সেজান (১৪) নামের এক হেলপারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের সামনে সড়কে দাড়িয়ে একটি টমটম (অটো রিক্সা) যাত্রী তুলছিলেন। হঠাৎ পেছন থেকে সী-লাইন সার্ভিস নামের একটি যাত্রীবাহী মিনিবাস বেপরোয়া গতিতে পেছন থেকে টমটমটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রেসক্লাবের বাউন্ডারি দেয়ালের সাথে চেপে ধরে।

 

পরে স্থানীয়রা দুমড়েমুচড়ে যাওয়া টমটমের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় মাহফুজুর রহমান (৪৭), তার স্ত্রী বিলকিস আকতার ও ৬ বছরের একটি শিশুকে উখিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেওয়ার পথে বিলকিস আকতারের মৃত্যু হয় বলে জানা গেছে। পরিবারের অন্যরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পুলক মন্ডল মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর মারুফ জানান, সড়কে অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে৷ এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *