মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রেজাউল করিম স্বপন। অন্যদিকে, পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাশেদুল ইসলাম সুইট জয়লাভ করেছেন।
রবিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় কন্ট্রোল রুম থেকে রেজাউল করিম স্বপনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান।
পাটগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার কামরুননাহার উপজেলা কন্ট্রোল রুম থেকে রাশেদুল ইসলাম সুইটকে বেসরকারী ভাবে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, লালমনিরহাটে নারিকেল গাছ প্রতীকে রেজাউল করিম স্বপন পেয়েছেন ১০ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৯০ ভোট।
পাটগ্রাম পৌরসভায় নৌকার প্রতীকে রাশেদুল ইসলাম সুইট পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২২১ ভোট।
লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৫৭৭ জন ও মহিলা ২৪ হাজার ১৮২জন।
পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৮৫৫ জন ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬২ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৯৩ জন।





