নজর২৪, মুন্সিগঞ্জ- মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকায় ঠিকাদারের কাছে একাধিকবার চাঁদা দাবি করে না পেয়ে জেলা ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। রুবেল আহমেদ মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ঠিকাদার নাছির মোল্লার অভিযোগ, বেশ কিছুদিন ধরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ও তার বাবা আওয়ামী লীগ নেতা রহিম বাদশা নাছিরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। একই দাবিতে মঙ্গলবার দুপুরে রুবেল তার সঙ্গীদের নিয়ে আবারও নাছিরের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এ সময় নাছির মোল্লাকে না পেয়ে চাঁদার দাবিতে অকথ্যভাষায় গালিগালাজ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিষ্ফোরণ করেন তারা।
খবর পেয়ে নাছির মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে দ্রুত চাঁদা না দিলে ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে বলে হুমকি দিয়ে মারধর করেন তারা। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন রুবেল ও তার সঙ্গীরা। রুবেল গ্রুপ চলে গেলে বিএডিসির শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে ছাত্রলীগ নেতা রুবেল আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গুলি ছোঁড়ার সত্যতা পুলিশ পায়নি। তবে বিকট শব্দে বিস্ফোরণ ঘটার কথা জানা গেছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঠিকাদার নাছির মোল্লা এখনো অভিযোগ দেননি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
