সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- লালমনিরহাট শহরের নয়ারহাট এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও লালমনিরহাট পৌরসভা নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌরসভাটির নয়ারহাট এলাকার নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিলু জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কে বা কারা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও পৌরসভার নির্বাচনী কার্যালয়ের আসবাপপত্র বাইরে বের করে মুখোশধারী কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে।
তারা অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। পরবর্তীতে তারা ঘরের আসবাপপত্র বাইরে নিয়ে আগুন ধরিয়ে দিয়ে নৌকায় যারা ভোট দিবে জলবে আগুন ঘরে ঘরে এবং তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে দেখে নেয়ারও হুমকি দিয়ে চলে যায়।
লালমনিরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোফাজ্জল হোসেন নজর টুয়েন্টিফোরকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। সেখানে জেলার নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। তবে ঘটনাটি দুঃখজনক। কারণ নির্বাচনের পরিবেশ অনেক ভাল। কিছু হটকারী লোকজন নির্বাচনের নষ্ট করার জন্য ঘটনাটি ঘটাতে পারে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহা আলম নজর টুয়েন্টিফোরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পুলিশের অতিরিক্ত টহল টিম জোরদার করেছি। এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
