মুরগি থেকে ছাগল- কোনও চুরিই বাদ রাখেনি আ.লীগ: রিজভী

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংকের অর্থ লোপাটের অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুরগি চুরি থেকে ছাগল চুরি, কোনও চুরিই তারা বাদ রাখেনি।’

 

আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাংকের অর্থ চুরির অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ চুরি করেছেন আওয়ামী লীগের নেতারা। বেসিক ব্যাংকেরও অর্থ চুরি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পাবলিক প্রতিষ্ঠান চুরি করেছে।’

 

তিনি বলেন, ‘ফরিদপুরে ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে, এটা যেমন চুরি, আবার ছাত্রলীগ নেতা মাদারীপুরের তুহিন ছাগল চুরি করেছে, এটাও চুরি। মুরগি চুরি থেকে ছাগল চুরি, কোনও চুরিই তারা বাদ রাখেনি।’

 

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

ভারত থেকে আসা করোনা ভাইরাস প্রতিরোধী টিকাকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত থেকে যে টিকা এসেছে, আপনারা প্রমাণ করুন, ‘এ টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এ টিকা নিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) নিয়ে খবরের কাগজে এসেছে, তিনি টিকা নেয়ার অভিনয় করেছেন। তাহলে আমাদের কথা ঠিক। ভারত থেকে যে টিকা এসেছে, তা নির্ভুল নয়, ত্রুটিপূর্ণ।’

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

 

এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, কৃষকদলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, তাঁতী দলের ড.কাজী মনিরুজ্জামান মনির ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *