‘টিকা’ নিয়ে হাঙ্গেরির বিষয়ে আর কথা বলতে চান না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নজর২৪ ডেস্ক- হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনাভাইরাস টিকা চায়নি, বাংলাদেশই শুভেচ্ছা হিসেবে দেশটিকে ভারত থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ টিকা দিতে চেয়েছিল; সেই টিকা নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি।

 

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) মধ্য ইউরোপের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর হাঙ্গেরি টুডের

 

এর আগে গত রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার ডোজ টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন।’

 

হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ করোনা টিকা শুভেচ্ছা হিসেবে হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। হাঙ্গেরি এ টিকা নিতে চায় না। তবে কী কারণে এ প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো কিছু বলেনি তারা।

 

হাঙ্গেরিয়ান ট্যাবলয়েড ব্লিক গত বুধবার জানিয়েছিল, জোড়া যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে সফল অপারেশনের মাধ্যমে আলাদা এবং অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের ৫০০ রোগীর প্ল্যাস্টিক সার্জারির কৃতজ্ঞতা হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ টিকা হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ।

 

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছে, ‘আমরা এ প্রস্তাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা গ্রহণ করছি না।’

 

এ প্রসঙ্গে জানতে চাইলে আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি এ বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *