পাকিস্তানে যোগ কিংবা স্বাধীন থাকার সিদ্ধান্ত নেবে কাশ্মীরের জনগণ: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। ভবিষ্যতে পাকিস্তানের পক্ষে ভোট দিলেও তাদের জন্য এ সুযোগ থাকবে।

 

দেশটির জাতীয় ইংরেজি দৈনিক ডন জানায়, শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় তিনি এ কথা বলেন।

 

ইমরান খান এসময় মনে করিয়ে দেন, কাশ্মীরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে প্রতিশ্রুতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে।

 

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে। ১৯৪৮ সালে কাশ্মির প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মিরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

 

কাশ্মির সংহতি দিবস উপলক্ষে শুক্রবার কোটলি শহরে দেওয়া ভাষণে ইমরান খান এই অঞ্চলের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

এ সময় ভাষণে তিনি বলেন, আপনারাই আপনাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আল্লাহর ইচ্ছায় কাশ্মিরের জনগণ পাকিস্তানের পক্ষে তাদের সিদ্ধান্ত নিলে আমি ঘোষণা করছি, আপনারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নিবেন সেই সুযোগ আপনাদের অবশ্যই দেওয়া হবে। এটা হবে আপনাদের অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *