আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

স্পোর্টস ডেস্ক- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই বিষয়টি কর্তৃপক্ষকে যথাসময়ে না জানানোর কারণেই এক বছর নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার।

 

এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতেই আবারও আইপিএল নিলামে সাকিবের নাম। জাকজমক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটির নিলামে নাম নিবন্ধন করেছেন সাকিব।

 

সাকিবের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এই অঙ্ক নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। সাকিবসহ আর মাত্র দশজন ক্রিকেটার এই মূল্যে নাম নিবন্ধন করেছেন।

 

আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।

 

সাকিবের মতো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় আছেন আরও দশজন। তারা হলেন-কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

 

তালিকায় নাম দেননি অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলে আগ্রহ দেখাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলের সদস্য অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনও নাম প্রত্যাহার করে নিয়েছেন।

 

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেভিড মালান এখন পর্যন্ত আইপিএলে খেলতে পারেননি। তিনি এবার তালিকাভুক্ত হয়েছেন। ইংলিশ এই ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি।

 

টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে। ভারতীয় সময় বিকেল তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *