প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো: স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪ ডেস্ক- ক্যানসার সারা বিশ্বের জন্য দূরারোগ্য ব্যাধি। সারা বিশ্বে প্রতি বছর এক কোটি মানুষ মারা যায়। বাংলাদেশেও তার চিত্র ভালো নয়। প্রতিবছর এক লাখ মানুষ মারা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবায় পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

 

জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিয়ে অনেক আজেবাজে কথা বলা হচ্ছে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। এটা আমরা করতেও দেবো না। আমরা সারা বছর ভ্যাকসিন নেবো, করোনা নিয়ন্ত্রণে আসবে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ২৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। এর কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনীর চিকিৎসা ব্যবস্থা থাকবে। এতে করে অন্য বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কষ্ট করতে হবে না, ঢাকায়ও আসতে হবে না।’

 

ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার চিকিৎসার জন্য এতো লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদের ঢাকায় থাকতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় লাগে, এই চিকিৎসাও ব্যয়বহুল। তাই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে আসতে হবে না। আটটি হাসপাতালে প্রায় ১০০০ বেড হবে। এতে অনেকাংশে এই রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে।

 

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বক্তব্য দেন।

 

এ সময় অনকোলজিস্ট ডা. রওশন আরা বেগম ক্যানসার দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া মন্ত্রী হাসপাতালের ব্র্যাকিথেরাপি ও সিটি সিমুলেটর মেশিন উদ্বোধন করেন এবং ক্যানসার রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *