শাহজাদপরে নিহত সাংবাদিক শিমুলের ৪র্থ শাহাদত বার্ষিকী পালিত

রাজিব আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার (৩ ফেব্রুয়ারী) প্রয়াত সাংবাদিক সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হলো।

 

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের তথ্য সংগ্রহের সময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

বিষয়টি তখন সারাদেশে আলোচনায় উঠে আসে। দিনটি উপলক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারী) শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

সকালে শাহজাদপুর প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তার স্মরণে ১মিনিটের নিরবতা পালন করা হয়।

 

এরপর শাহজাদপুরে কর্মরত সাংবাদিক ও প্রয়াত শিমুলের স্বজনেরা একটি শোক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সভা হয়।

 

সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন।

 

এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব ‍শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ। বক্তারা সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান। পরে র‌্যালিটি শাহজাদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহের সময় মাথায় গুলিবিদ্ধ হয়।

 

তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন (৩ ফেব্রুয়ারি) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *