কপি পেস্ট রিপোর্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: তথ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কপি পেস্ট রিপোর্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের পছন্দ নয়। যারা সহযোগিতা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই—এই খেলা খেলে লাভ নেই। একটি শক্তিশালী দেশের শক্তিশালী নেতৃত্ব, বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল। এ ষড়যন্ত্রও ভেস্তে যাবে।

 

তিনি বলেন, ‘যারা পলাতক, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, তারা এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে প্রতিবেদন প্রকাশ করছে। দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে। আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূলে গথিত। সুতরাং এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।’

 

ড. হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

 

তিনি আরও বলেন, দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনা সক্ষম হয়েছেন। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনও লাভ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *