Home জাতীয় খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

0
69

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দিয়েছেন।

 

খালেদা জিয়া অসুস্থ মর্মে আদালতে সময়ের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে নাইকো মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

 

শুনানি শেষে আগামী ৮ ফেব্রুয়ারি চার্জশুনানির তারিখ ধার্য করেন। ওই দিন খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

 

মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

 

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

 

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীণ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here