নজর২৪ ডেস্ক- পর্যাপ্ত ভোট না পাওয়ায় গত বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনীতসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
নির্বাচন-পরবর্তী নানা বিষয় নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
নির্বাচনে মাত্র সাড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের এই উপস্থিতি কি আপনি সন্তোষজনক মনে করেন? এমন প্রশ্নের জবাবে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ভোটাররা কেন্দ্রে যাবেন, এটি তাঁর নাগরিক দায়িত্ব। তবে এবার আমার চোখে পড়েছে, ভোটের দিন অনেক কিছু খোলা ছিল। এই কারণে কর্মজীবীদের সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে ছুটতে হয়েছে। ভোটের থেকে পেটের দায় অনেক বেশি। ভোটারের কম উপস্থিতির এটি একটি কারণ।
তিনি বলেন, নির্বাচনের দিন আরও ভোটার উপস্থিত হতো। কিন্তু প্রথম থেকেই বিএনপি ভয়ভীতি দেখাতে শুরু করেছে। প্রচারণার সময় আমার অফিস জ্বালিয়ে দিয়েছে। গু’লি করেছে। ভোটের দিনও তারা স’ন্ত্রা’সী কার্যক্রম চালিয়েছে। বিভিন্ন এলাকায় মূলত তারা স’ন্ত্রা’সের আশ্রয় নিয়েছে। ভোটার কম হওয়ার জন্য মূলত বিএনপিই দায়ী।
এক প্রশ্নের জবাবে তিনি মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিএনপি অভিযোগের পার্টি। প্রচারণার পর থেকে নির্বাচন পর্যন্ত তাদের অভিযোগের শেষ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু ভোট চেয়েছে।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন, অনিয়মের নির্বাচনের মডেল চট্টগ্রাম সিটি নির্বাচন। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার মতে, ২২ শতাংশ ভোটও চুরি করে দিয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কী?
মো. রেজাউল করিম চৌধুরী বলেন, না, এই ব্যাপারে আমি কিছু বলব না। এগুলো তাঁদের নিজস্ব বক্তব্য।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রুপের সঙ্গে জড়িত নই। বিশ্বাসও করি না। নির্বাচনের আগে অনেকেই বলেছে আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে মেয়র প্রার্থীর পরাজয় হবে। আরও অনেক কিছু বলা হয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি। কেননা, আমি দুই পক্ষকেই একসঙ্গে নিয়ে এসেছি। ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।
