নজর২৪, ময়মনসিংহ- পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় ময়মনসিংহের ভালুকা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নূরুল ইসলাম মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর নৌকা মার্কার বিরোধিতা করে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী কাজ করার অভিযোগে ময়মনসিংহের ভালুকা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নূরুল ইসলাম মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়।
ভালুকা পৌর আওয়ামী লীগের সীদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) তাকে পৌর সভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দলীয় সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করে বলে জানা গেছে। বহিষ্কারাদেশে বলা হয়, এখন থেকে তিনি আর আওয়ামী লীগের কেউ নন এবং আওয়ামী লীগের কোনো পরিচয় দিতে পারবেন না।
