আমি করোনার টিকা নিইনিঃ রুমিন ফারহানা

নজর২৪ ডেস্ক- বিএনপি দলীয় সংরক্ষিত আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

তিনি বলেন, এটা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ চরিত্র। একটা মেয়ের ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে চালিয়ে দেয়া হচ্ছে। এর চাইতে জঘন্য অপপ্রচার কিছু হতে পারে না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেবো।

 

এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, একজন নারীর টিকা নেওয়ার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে, তার জবাবে বলছি…আমি করোনার টিকা নিইনি।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, আমি এ বিষয়ে আমার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি টিকা নিইনি।

 

উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথম পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে সব মিলিয়ে মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।

 

এছাড়া দ্বিতীয় দিনে ঢাকার পাঁচটি হাসপাতালে আরও ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জন প্রতিমন্ত্রী রয়েছেন।

 

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা, যা ‘নিরাপদ এবং অধিকাংশের ক্ষেত্রে কার্যকর সুরক্ষা দিতে পারে’ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। আট সপ্তাহের ব্যবধানে এ টিকার দুটি ডোজ নিতে হবে সবাইকে।

 

বাংলাদেশে যেহেতু এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রথম দফায় ঢাকার পাঁচটি হাসপাতালে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপর এ ভ্যাকসিন প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে।

 

সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *