টাঙ্গাইল পৌর নির্বাচন, বিএনপি’র প্রার্থী সানুর ইশতেহার ঘোষণা

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ ঘোষণা করা হয়।

 

মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহারে ১৪টি অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পৌর প্রশাসনকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, জনমুখী, ত্বরিৎকর্মা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক পৌরসভা হিসেবে গড়ে তোলা, এলাকা ভিত্তিক সমাজে বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে সকল প্রকার অসামাজিকতা, মাদক, সন্ত্রাস নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

 

পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্যব্যবস্থাপনা প্রবর্তন করা-যেখানে বর্জ্য হতে জ্বালানি হিসেবে বায়োগ্যাস ও জৈব সার তৈরি করার ব্যবস্থা নেয়া, পৌর এলাকার সর্বত্র জলাবদ্ধতা ও পয়ঃনিস্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ করা, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার প্রবাহকে নিশ্চিত করা, পৌরবাসীর জন্য উন্নত ও আধুনিক গণশৌচাগার স্থাপনের ব্যবস্থা নেয়া।

 

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মাহমুদুল হক সানু। এ সময় মাহমুদুল হক সানুর মা মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *