নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট ভালো হচ্ছে না বলে দাবি উঠেছে জাতীয় সংসদে। বুধবার (২৭ জানুয়ারি) সংসদে বিল পাসের সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা এই দাবি করেন।
এদিন বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সমালোচনা করে বলেন, ‘এখন অবস্থা এমন যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, আর তাকিয়ে ছিল জনগণ।’
এর আগে আজ বিএনপির আরেক সাংসদ হারুনুর রশীদের ভোট নিয়ে তীর্যক মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধানে বলা আছে সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন। কিন্তু আজ কী হচ্ছে? নির্বাচনের নামে তামাশা হচ্ছে। প্রহসন হচ্ছে। এর প্রয়োজন নেই। ভোটের প্রয়োজন নেই। আইন করে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী যাকে খুশি মনোনয়ন দেবেন। তিনি নির্বাচিত হবেন। সকালে দেখলাম, চট্টগ্রামের সিটি করপোরেশনে কী হচ্ছে?
অন্য সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাবের জবাব দেয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা এখানে যারা আছি গতকালকে জন্ম নিইনি। উনারা নির্বাচনের কথা বলছেন। আমরা জিয়াউর রহমানের সময় ‘হ্যাঁ-না’ ভোট দেখেছি। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি। ব্যালট বাক্স পাওয়া যেত না। ভোট যে দেবে ব্যালট বাক্স নেই। যাদের এই চরিত্র তাদের কাছ থেকে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয় সেটা শেখার প্রয়োজন নেই। জনগণকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি।
পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, ভোটটা সুষ্ঠু করলেই তো হয়। কারও থেকে ভোট শিখতে হবে না। ভোট কীভাবে দিতে হয় সেটা সবাই জানে। ভোটটা দিতে দিলেই হয়।
এদিকে হারুনের কথার জবাবে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, তার এলাকায় পৌরসভা নির্বাচন ‘অত্যন্ত সুষ্ঠু’ হয়েছে।
পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় হারুন বলেন, এখনই দেখেন চট্টগ্রামে বহু কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে। গণমাধ্যামকর্মীদের পাস দেয়া হচ্ছে না। চাইলে এখনই ফোনে দেখাতে পারব।
