নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নির্বাচন বর্জন করেছেন। আজ বুধবার সকাল ১০টার পর তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
মনোয়ারা বেগম মনি বলেন, তিনি নিজের ভোটই দিতে পারেননি। তার এজেন্টদের মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে।
চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি বলেন, ‘২০০৫ থেকে টানা ৩ বার নির্বাচিত হয়ে আসছি। এবারের নির্বাচনে আমার ৩১৪ এজেন্টের সকলকেই বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এই নির্বাচনকে আমি ঘৃণা করি। নিন্দা জানাই। আমি এই নির্বাচন বর্জন করলাম।’
