নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নিজ কেন্দ্র হিসেবে পরিচিত নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজের (বিএড কলেজ) তিনটি কেন্দ্রে কোনো এজেন্ট নেই।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভোট শুরুর পর পরই কেন্দ্রগুলো ঘুরে বিএনপির কোনো এজেন্টের দেখা পাওয়া যায়নি।
এ ব্যাপারে শাহাদাত হোসেন বলেন, ‘সব এজেন্টকে মেরে বের করে দিয়েছে সকালে। আমি সকাল ৬টা থেকে মনিটরিং করছিলাম। ওভারঅল দেখলাম, বেশিরভাগ এজেন্টকে তারা মেরে বের করে দিয়েছে। এজেন্টদের জিজ্ঞেস করলাম, তারা বললো, হ্যাঁ কার্ড-টার্ড ছিড়ে বের করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে হবে, ধানের শীষের এজেন্ট নাই কেন? যদি একজন প্রার্থীর এজেন্ট না থাকে তাহলে উনাকে জিজ্ঞেস করতে হবে যে, ওই প্রার্থীর এজেন্ট কোথায় গেল, এরা কোথায়? নির্বাচন কমিশনেরই একটি অংশ এজেন্ট। এটা দেখা তাদেরই দায়িত্ব।’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ।
বিএনপির শাহাদাত বলেন, ‘ভোটের পরিবেশ আমার জন্য এক রকম, সাধারণ ভোটারদের জন্য অন্য রকম। আমার বাড়ির একাধিক লোক, এমনকি দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ভোটারদের না আসার জন্য যত ধরনের মেকানিজম আছে, করছে। আমি তো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করছি। প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতা–কর্মীর মতো কাজ করছে।’
