চট্টগ্রামের অনেক কেন্দ্র এখনো ভোটার শূন্য

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে অনেক কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে অনেক ভোট কেন্দ্র এখনো ভোটার শূন্য।

 

সকাল থেকে এমইএস স্কুল, ঘাট ফরহাদবেগ, হামজারবাগ সরকারী প্রাথমিক স্কুল, কদম মোবারক উচ্চ বিদ্যালয়, সিডিএ স্কুল এন্ড কলেজসহ ১০ কেন্দ্রে ঘুরে ভোটার কম দেখা গেছে।

 

কদম মোবারক মুসলিম এতিম খানা বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮০। সকাল ১০টা পর্যন্ত ভোট গৃহীত হয়েছে ৭৮টি। আরও দুটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে সকাল ১০ পর্যন্ত ভোট গৃহীত হয়েছে ১৮টি এবং ১৯টি।

 

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে আশা করা হচ্ছে।

 

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ২২৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ৩৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৬৯ জন। বাকি দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৫৭ জন।

 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৪১ ওয়ার্ডে ৭৩৫টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে ৪ হাজার ৮৮৬টি বুথ। এসব কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৭৫ প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৯ হাজার ৭৭২ পোলিং অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *