জানাজার নামাজে বিএনপি নেতার ওপর ‘নৌকার সমর্থকদের’ হামলা

নজর২৪ ডেস্ক- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ প্রতীক) ফজলুল হক খানের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে।

 

সোমবার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন এলাকায় আব্দুল কদ্দুছের জানাজার নামাজের সময় এ ঘটনা ঘটেছে। আহত ফজলুল হক খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে সরিষাবাড়ী পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ফজলুল হক খান সকালে তার নিজ বাড়ি থেকে বের হয়ে কামরাবাদ পশ্চিম পাড়া কাচপুর মালেক জুট মিলের সাবেক ব্যবস্থাপক মরহুম আব্দুস কদ্দুছের জানাজার নামাজে অংশগ্রহণের জন্য রওনা হন।

 

মৃত ব্যক্তির বাড়ির পাশে ঝিনাই ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) মনির উদ্দিনের ভাতিজা গুদু মিয়াসহ ২০-২৫ জন সমর্থক পেছন থেকে অতর্কিত ফজলুল হক খানের ওপর হামলা করে। এ সময় জানাজায় অংশগ্রহণকারী মুসুল্লিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

এ ব্যাপারে আহত স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান মুঠোফোনে জানান, জানাজায় দাঁড়ালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনির উদ্দিনের ভাতিজা গুদুসহ ২০-২৫ জন আমার ওপর হামলা করে। হামলায় মাথা ও চোখ রক্তাক্ত করে দিয়েছে। থানা পুলিশকে জানানো হয়েছে।

 

এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন বলেন, ‘আমি ওই সময়ে সেখানে ছিলাম না। আমি আরাম নগরে একটি মিটিংয়ে ছিলাম। আমার কোনও লোকজনও সেখানে ছিল না। পরে শুনেছি, মেয়রপ্রার্থী ফজলুল হক খান তার ছেলেকে পাওনা টাকার জন্য বাকাঝকা শুরু করেন। এ সময় কিছু লোক তাকে হয়তো মারধর করতে পারে। কিন্তু তিনি এখন বলছেন আমার দলের লোক তার ওপর হামলা করেছেন।’

 

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আরও অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক খান (নারিকেল গাছ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *