নজর২৪ ডেস্ক- সারাদেশে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে কাউন্সিল করছে আলোচিত অরানৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (২৫ জানুয়ারি) হেফাজতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। সে ধারাবাহিকতায় আগামীকাল হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এর আগে সংগঠনটির নতুন আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে আসার পর বিগত কাউন্সিলে সারা দেশের জেলা-উপজেলা, নগর ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ইতোমধ্যে ফেনী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর আংশিক নতুন কমিটি ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় হাটহাজারীর কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে হেফাজতের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় হেফাজত নেতারা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে মাওলানা এমরান সিকদার বলেন, পুরোনো কমিটির নিষ্ক্রিয়, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সক্রিয়, ত্যাগী, নির্যাতিতদের নিয়ে কমিটি গঠনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।
