মূর্খ ডাকাতের চেয়ে শিক্ষিত ডাকাত আরো ভয়ঙ্কর: চরমোনাই পীর

নজর২৪ ডেস্ক- দেশে দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে মূর্খ, রিকশাচালক কিংবা মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয় উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

তিনি বলেন, সমাজে এক ধরনের ডাকাত আছে। যারা রাইফেল বা ছুরি ঠেকিয়ে ডাকাতি করে। অপরদিকে শিক্ষিত ডাকাত যারা কলম দিয়ে ফাইল ঠেকিয়ে ডাকাতি করে। এরা সবাই ডাকাত। মূর্খ ডাকাতের চেয়ে শিক্ষিত ডাকাত আরো ভয়ঙ্কর। এজন্য ছাত্র-শিক্ষক উভয়কে ইসলামী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

 

নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলাম ধ্বংসে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা ইসলামী শিক্ষা ও ইসলামপন্থীদের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করছে। ধর্মহীন শিক্ষার ফলে আদর্শ মানুষের পরিবর্তে চোর-ডাকাত, দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করছে।

 

সম্মেলনে অধ্যাপক মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা এবিএম জাকারিয়াকে সহ-সভাপতি এবং অধ্যাপক নাসির উদ্দিন খানকে সেক্রেটারী জেনারেল করে ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *