নজর২৪ ডেস্ক- অতীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কে উৎখাত করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে উল্লেখ করে হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আল্লাহর উপর ভরসা রাখুন বিজয় আসবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ফটিকছড়ির ধুরং লুদি সিকদার জামে মসজিদ ও তৌহিদী জনতার ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কালিমার পতাকাকে কখনোই ভূলুণ্ঠিত করা যাবেনা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসে নমরুদ ফিরআউনের পতনের মূল কারণ ছিল কালিমার বিরোধিতা করা। কালিমার বিরোধিতা করার কারণেই আবু জেহেল আবু লাহাব ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এখনও যারা সে অপচেষ্টা চালাবে তাদের পরিণতিও শুভ হবে না।
প্রশাসনের প্রতি ওয়াজ মাহফিলে বাঁধা প্রদান না করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ওয়াজ মাহফিল শুনে মানুষের মন নরম হয়। মানুষ পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার শপথ নেয়। পঙ্কিলতা মুক্ত জীবন গঠনে উৎসাহিত হয়ে সোনার মানুষে পরিণত হয়। এভাবেইতো একদিন বিশ্ব ফিরে পাবে সেই সাহাবা যুগের সোনালী দিনগুলো।বিশ্ব থেকে মুছে যাবে পাপাচার নামের কালো অধ্যায়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল খাঁন, মাওলানা জুনাইদ বিন জালালসহ প্রমূখ আলেমগণ।
