‘একটি কেন্দ্র ছাড়া আর কোথাও ধানের শীষের এজেন্ট দেখিনি’

নজর২৪, সাভার- সাভার পৌরসভার নির্বাচনি ব্যবস্থাপনা পরিদর্শনে এসে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

 

তিনি বলেন, ‘একটি কেন্দ্র ছাড়া কোথাও ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট আমি দেখতে পাইনি। একটি দল ছাড়া আর কারো পোস্টারও আমি দেখিনি।’

 

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাভার কলেজের কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন।

 

মাহবুব তালুকদার বলেন, ‘আমি আশা করেছিলাম নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সেটি হলে নির্বাচন কমিশনের জন্যে স্বস্তির বিষয় হতো। সরকার ও বিরোধীদল সবার যদি পোলিং এজেন্ট ও পোস্টার দেখতাম তাহলে আমি আশাবাদী হতাম। ভোটারের উপস্থিতি আমার কাছে আশাব্যাঞ্জক নয়। যদি দেখতাম নির্বাচনে ভোট বেশি দেওয়া হচ্ছে, তাহলে খুব খুশি হতাম।’

 

নির্বাচন কমিশনার বলেন, যেহতু ইভিএম-এ নির্বাচন হচ্ছে সেহতু ভোটার সংখ্যা কম হতে পারে। ভোটার সংখ্যা কম হোক আর বেশি হোক সেটা নিয়ে আমি ভাবি না কিন্তু নির্বাচনটা যথাযথ হচ্ছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা। যেসব জায়গায় ব্যালটে ভোট হবে সেসব জায়গায় হয়তো ভোটার বেশি হতে পারে। তবে এইটাও ঠিক আমি চাইবো ভোটার সংখ্যা যেনো বেশি থাকে। এখন পর্যন্ত ভোটার সংখ্যা সন্তোষজনক নয়।

 

মাহবুব তালুকদার বলেন, আমি আশাবাদী নির্বাচন সুন্দর হবে শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এসব সহিংসতা আমাকে খুব কষ্ট দেয়। নির্বাচনের চেয়েও কি মানুষের জীবন মূল্যবান নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *