নজর২৪, কক্সবাজার- দলের নাম ব্যবহার করে অনেকেই নিজেদের অন্যায় ও দুর্নীতি ঢাকতে চাইছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘পিঠ বাঁচাতে এখন সবাই নৌকায় উঠতে চায়। অনেকে লুটপাট করে ও লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চায়। তবে কাউকে এ সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না।’
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, সামনে পৌর সহ নানা নির্বাচন শুরু হয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশে দেড় কোটি মানুষ নানাভাবে ভাতা পাচ্ছে। যা ইউরোপের দেশগুলোতেও চালু নেই। সুতরাং, ১২ বছর আগে এ দেশের কি অবস্থা ছিল, আজ কি অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
কক্সবাজারে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজার রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দলীয় কার্যালয়ে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
