নজর২৪, ঢাকা- ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, কিছু নামসর্বস্ব সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গতে সহযোগিতা করার চেষ্টা করছে। সেই সব সংগঠনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার ক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের আছে।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
জয় বলেন, আজকে ছাত্রলীগের সুনাম দেখে একটি পক্ষের গা জ্বলে। কেউ ছাত্রলীগের সুনাম করলে তাদের মনে কষ্ট লাগে। অনেক নাম সর্বস্ব সংগঠন নিয়ে ছাত্র সমাবেশ করে। অথচ তাদের ২০ জন নেতাকর্মীও নেই। যারা ছাত্র সংগঠন নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ বয়কট করেছে।
তিনি আরও বলেন, ছাত্রলীগ ভালো কাজ করলে সেটি সংবাদপত্রে খুব কমই ছাপা হয়। অথচ ছাত্রলীগের কেউ যদি ভুলক্রমে খারাপ কাজ করে তাহলে সেটি সংবাদপত্রের বড় শিরোনাম হয়। সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের ভালো কাজের কথাও লিখুন। আমরা কখনো কোনো খারাপ কাজকে সমর্থন করিনা।
আল নাহিয়ান খান জয় বলেন, “দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনও কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।”
তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্রলীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই ছাত্রলীগের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।”
অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
