মো: শাসমছুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রুবেল (১৭)নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রুবেল ইসলামপুর উপজেলার চর গোয়ালিনি ইউনিয়নের ডিগ্রীরচর পয়েছতি গ্রামের আমিন মোল্লার ছেলে ও ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবং চর গোয়ালিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি।
গত ৪জানুয়ারী সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় রুবেল মৃত্যু বরন করে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত ২ আসামিকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, গত সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রুবেল তার বন্ধুদের নিয়ে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার এক পর্যায়ে নুর ইসলাম মন্ডলের বাড়ির সজনা গাছে কর্ক আটকে যায়। রুবেল সজনা গাছের ডাল কেটে কর্ক নিয়ে আসে।
সজনা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে নুর ইসলাম মন্ডলের পরিবারের লোকজন রুবেলকে ব্যাপক মারধর করে। এ নিয়ে রুবেলের পরিবার ও নুরইসলাম মন্ডলের পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হলে স্থানীয়রা থামিয়ে দেয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন-“ এই দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিলো। মারামারির পর স্থানীয়রা রুবেলকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে রুবেলের মৃত্যু হয় এবং রুবেলের মা ময়ফল বেগম (৫০) ও বড় ভাই সোহল (২২) গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ওসি আরো বলেন, রুবেলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে। ঘটনার পরপরই নুরইসলাম মন্ডলের দুই ছেলে এমদাদ ও বাবলাকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় থানা পুলিশ।
